বিশ্বনাথে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার (মাঝপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

​আটক ব্যক্তিরা হলেন নওধার (মাঝপাড়া) গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) এবং তাঁর স্ত্রী মোছা. রুজি বেগম (৩৬)।

​পুলিশ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল সোমবার সকালে আব্দুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করে। প্রাথমিক তল্লাশিতে বসতঘরের শোয়ার কক্ষে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৫০ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় আব্দুল হক ও তাঁর স্ত্রীকে। পরে, তাদের  দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পুকুরপাড়ের উত্তর-পূর্ব কোণের বাঁশঝাড়ে মাটির নিচে সুকৌশলে পুঁতে রাখা আরও ১৫৩ বোতল মদ জব্দ করে পুলিশ।

​২০৩ বোতল মদের মধ্যে রয়েছে ​৩৭৫ মিলিলিটারের আইস বেয়ার ইট ভদকা ১১ বোতল, ​৩৭৫ মিলিলিটারের এসি ব্ল্যাক হুইস্কি ৩ বোতল ও ​১৮০ মিলিলিটারের অফিসার্স চয়েস প্রেস্টিজ হুইস্কি ১৮৯ বোতল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।

জেল থেকে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি তিনি আবারও রমরমা মাদক বাণিজ্য শুরু করেন। নিজ বসতবাড়িতে কৌশলে মদের বড় চালান মজুদ করে বিভিন্ন স্পটে সরবরাহ ও হোম ডেলিভারির মাধ্যমে মাদক বিক্রি করতেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার

অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুর রহমান বলেন,আটক দম্পতির বিরুদ্ধে ইতিপূর্বে কোনো ফৌজদারি বা মাদক মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।